বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

প্রকাশ:

‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে চারদিনব্যাপী ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’। রোববার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এই চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।

উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওসহ বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। ভৌগোলিকভাবে নেপাল আমাদের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের সুচিকিৎসা নিতে পারেন না। এই চক্ষু শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের অন্যতম মূল্যবান সম্পদ। সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চক্ষু পরীক্ষা অনেক জটিল রোগ প্রতিরোধে সহায়তা করে। এই চক্ষু শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের চোখের বিভিন্ন রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে, যা সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো: খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী। এছাড়া জেলা প্রশাসক রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক রোগী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

রোববার (২ আগস্ট) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত চারদিন ব্যপী ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন