দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। শুরুটা বেশ সম্ভাবনাময় হলেও মাঝপথে ছন্দ হারিয়ে সফরকারীরা মাত্র ২৩৪ রানেই অলআউট হয়ে গেছে। সৌম্য সরকার ও সাদমান ইসলাম ভালো ভিত্তি গড়ে দিলেও, পরবর্তীতে দ্রুত উইকেট পতনে চাপে পড়ে যায় ব্যাটিং লাইনআপ। ইনিংসজুড়ে সৌম্য সরকারের ব্যাট থেকে সর্বোচ্চ ৫৭ রান এসেছে। এছাড়া নাঈম হাসান ৩৬ এবং মুমিনুল হক ৩৩ রান করেছেন। দুবাইয়ে আজ শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকার ও সাদমান ইসলাম যে ভিত্তি তৈরি করে দিয়েছিলেন, সেটি কাজে লাগিয়ে বড় সংগ্রহ দাঁড় করানোর সুযোগ ছিল। কিন্তু মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর চাপ আর সামলাতে পারেনি ব্যাটিং লাইনআপ।
তাসের ঘরের মতো ভেঙে পড়া বাংলাদেশের ইনিংসে মুমিনুল হক ৬৩ বল মোকাবিলা করলেও যোগ্য সঙ্গ পাননি। মুশফিকুর রহিম আউট হয়েছেন মাত্র ৪ রানে। জাকের আলীও ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন ৮ রান করে। দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সংগ্রহ করেছেন ৮ রান। এক পর্যায়ে মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ বড় সংগ্রহের আশা প্রায় হারিয়ে ফেলে। লোয়ার অর্ডারে নাঈম হাসান ও তাইজুল ইসলামের ১৬ রানের সৌজন্যে কোনোমতে ২৩৪ রান স্পর্শ করতে সক্ষম হয় দলটি। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের মধ্যে জুনাইদ ৩টি এবং উসাইদ ও হায়দার আলী ২টি করে উইকেট শিকার করেছেন। এই ব্যাটিং ধস আবারো সামনে এনে দিল বাংলাদেশের পুরোনো দুর্বলতা। উদ্বোধনী জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসে শুরু হয় ছন্দপতন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দলীয় ২৪ রানের মাথায় খালেদ আহমেদের শিকার হয়ে ফেরেন লুকমান। প্রথম দিনের খেলা শেষে আমিরাতের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। বাংলাদেশের চেয়ে এখনো ২০০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।





