আ. লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী

প্রকাশ:

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে সম্পূর্ণ গুজব বলে নাকচ করে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের কোনো তথ্য সরকারের কানে আসেনি, তাই বিষয়টিকে তারা আমলে নিচ্ছেন না।

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে এই মন্তব্য করেছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় রয়েছেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সঠিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, জ্ঞান এখন স্থির কোনো বিষয় নয় এবং এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার জৈবিক সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।

সরকারের তরুণবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন। খেলাধুলার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পেশার তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল ‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’।

শেয়ার করুন