আইনের শাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুন্সিগঞ্জ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের মহেশপুর আগমন উপলক্ষে স্থানীয় সুধী সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়।
বিগত সরকারের আমলের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যেভাবে দুর্নীতির লুটপাট হয়েছে এবং মানুষের মধ্যে যে সুশাসনের প্রত্যাশা তৈরি হয়েছে, এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য রেখে আমাদের এগোতে হবে।
জনগণের আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন আর মনে করে না যে তারেক রহমানের সরকার আগের মতো গুম-খুন করবে। মানুষ বিশ্বাস করে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির নেতা শেখ শাহাজামান মোহন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। সভায় স্থানীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার (১ আগষ্ট) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।





