হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর

প্রকাশ:

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম বর্তমানে নিরাপদে আছেন। যদিও এই ঘটনায় এনসিপির হবিগঞ্জের স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে এনসিপির পক্ষ থেকে হবিগঞ্জ শহর ও আজমিরীগঞ্জ উপজেলায় সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচি শেষ করে ফেরার পথে হামলার শিকার হয় তাদের গাড়িবহর। হামলাকারীরা কোর্ট মসজিদের সামনের রাস্তা ছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাঙচুর চালায়। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, স্থানীয় পর্যায়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই হবিগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সকল পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এদিকে ঘটনার পর থেকে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। রাত পৌনে ৮টার দিকেও শহরজুড়ে উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গেছে। হামলার বিষয়ে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, তবে এর সাথে ছাত্রদল বা যুবদলের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন।

শেয়ার করুন