পরকীয়ার অভিযোগে বিচ্ছেদের পথে অস্ট্রেলীয় তারকা অ্যাশলি গার্ডনার

প্রকাশ:

২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর দীর্ঘ চার বছরের সম্পর্কের শেষে ২০২৪ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার অ্যাশলি গার্ডনার ও তার স্ত্রী মনিকা রাইট। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। বর্তমানে তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানা গেছে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সী গার্ডনারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলেরই এক সতীর্থের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। ঘটনাটির সূত্রপাত গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময়। সে সময় ২২ বছর বয়সী জর্জিয়া নামক এক খেলোয়াড়ের সঙ্গে গার্ডনারের ঘনিষ্ঠতা তৈরি হয়। মনিকা এই সম্পর্কের বিষয়ে সন্দেহ প্রকাশ করলে পরিস্থিতির অবনতি ঘটে। এমনকি মনিকা সেই সময় সন্দেহের বশেই ভারতে চলে এসেছিলেন, যা নিয়ে গার্ডনার ক্ষুব্ধ হয়েছিলেন।

দেশে ফেরার পর গার্ডনার মনিকার কাছে সব কথা স্বীকার করেন এবং সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন। তবে মনিকা মানসিকভাবে ভেঙে পড়ায় সেই প্রচেষ্টায় সফল হননি। এরপর থেকে তারা আলাদা থাকছেন। মনিকার এক ঘনিষ্ঠ বান্ধবী জানান, দম্পতিটি সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং ক্লিনিকেও গিয়েছিলেন। কিন্তু ঘটনার পর মনিকা পরিবার বড় করার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সিডনিতে তাদের যৌথ বাড়ি থেকে গার্ডনার নিজের জিনিসপত্র সরিয়ে নিয়েছেন এবং কেবল বিয়ের আংটিটি রেখে এসেছিলেন, যা পরে মনিকা খুঁজে পান। ডেইলি মেইলের একটি রিপোর্টের স্ক্রিনশট ও জর্জিয়ার ছবি শেয়ার করে মনিকা লিখেছেন, “এই সেই মহিলা যার জন্য আমাকে অ্যাশলি ঠকিয়েছে।” জানা গেছে, অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়রা এই সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন। দীর্ঘ কয়েক মাস আলাদা থাকার পর বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে।

শেয়ার করুন