আনিসুল হকের অস্ত্র মামলার অভিযোগ গঠন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর

প্রকাশ:

রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারও পিছিয়েছে। রোববার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালত শুনানির জন্য নতুন দিন হিসেবে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন। এর আগে তিন দফায় মামলাটির অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী সুমন হোসাইন জানান, আনিসুল হকের একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ওই পিস্তলের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। বর্তমানে সেই নথির ডুপ্লিকেট কপি সংগ্রহের চেষ্টা চলছে। কাগজপত্র সংগ্রহ করতে না পারায় শুনানির তারিখ পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন। এদিন শুনানির জন্য আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। এই স্থগিত করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা করা হবে।

তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, আনিসুল হক নির্ধারিত সময়ের মধ্যে তার অস্ত্রটি জমা দিয়েছেন কি না বা এ বিষয়ে কোনো তথ্য দিয়েছেন কি না, তা পাওয়া যায়নি। এমনকি তার লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় গত ২৪ মে বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল বাদী হয়ে অস্ত্র আইনের ১৯(১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন