শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রম পরিচালনার অনুমতি

প্রকাশ:

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পূর্বের আদেশ প্রত্যাহার করে নিয়েছে সরকার। একই সঙ্গে বেশ কিছু নির্দিষ্ট শর্ত মেনে হাসপাতালটিকে পুনরায় তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও অধিকতর বিবরণীর পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত ১৫ই জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে পুনরায় কার্যক্রম শুরুর ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত মানতে হবে। শর্তগুলো হলো- ১৯৮২ সনের সংশ্লিষ্ট অর্ডিন্যান্স অনুযায়ী সব নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের শর্তাবলী লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

শেয়ার করুন