এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়

প্রকাশ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এক দফা ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সোমবার নিজের ফেসবুক পেজে ‘ঐতিহাসিক এক দফার নেপথ্যের ইতিহাস’ শিরোনামে একটি দীর্ঘ পোস্টে তিনি আন্দোলনের সেই সময়ের বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন।

পোস্টে আব্দুল কাদের জানান, এক দফার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন। এর অংশ হিসেবে ছাত্রদলের রাকিব ও নাছিরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। নাছির উদ্দীনকে এক দফার বিষয়টি জানানো হলে তিনি বলেন, “তাহলে এই ব্যাপারটা আমি চেয়ারম্যান স্যারের (তারেক রহমান) সঙ্গে আলাপ করে নিই।” পরবর্তীতে রাতে নাছির তাকে জানান, “এক দফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চেয়ারম্যান স্যারও জানিয়েছেন। তোমরা সিদ্ধান্ত নিতে পারো।”

আব্দুল কাদের আরও উল্লেখ করেন যে, এক দফা ঘোষণার বিষয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রতিনিধিরা নিজ নিজ দলের সঙ্গে আলোচনা করে ইতিবাচক অবস্থান জানিয়েছিলেন। এরপরই ঘোষণাপত্র প্রস্তুত ও তা নিয়ে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।

মাঠের পরিস্থিতি, চলমান সহিংসতা এবং সম্ভাব্য প্রাণহানির ঝুঁকি বিবেচনা করে তিনি দ্রুত এক দফার ঘোষণার পক্ষে ছিলেন বলেও পোস্টে দাবি করেন। তিনি জানান, এক দফা ঘোষণার আগে সমন্বয়কদের মধ্যে আলোচনা ও মতপার্থক্য থাকলেও তার লক্ষ্য ছিল আন্দোলনের প্রেক্ষাপটে দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো। কোনো নির্দিষ্ট পক্ষের চাপ বা নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন। তবে এই ফেসবুক পোস্টের আগে বা পরে ছাত্রদল নেতা নাছির, তারেক রহমান বা সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শেয়ার করুন