২ হাজার রুপি থেকে ১৮ কোটি, নয়নতারার ঘুরে দাঁড়ানোর গল্প

প্রকাশ:

একসময় ফ্যাশন শোতে মডেলিং করে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ২ থেকে ৩ হাজার রুপি। আর আজ ভারতের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রী প্রতি ছবির জন্য নিচ্ছেন প্রায় ১২ থেকে ১৮ কোটি রুপি। তিনি আর কেউ নন, দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা নয়নতারা। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এই দীর্ঘ ও কঠিন সংগ্রামের কথা তুলে ধরেছেন তিনি।

নয়নতারার শৈশব কেটেছে ভারতের বিভিন্ন শহরে। তাঁর বাবা ভারতীয় বিমানবাহিনীতে কর্মরত থাকায় স্কুলজীবনের বড় একটা অংশ কেটেছে দিল্লি ও গুজরাটে। সেখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন ভাষার বন্ধুদের সঙ্গে বড় হওয়ায় নিজেকে কখনো আলাদা মনে হয়নি তাঁর। তবে বাবার অবসর গ্রহণের পর যখন তাঁদের পরিবার কেরালায় ফিরে আসে, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। নিজের চেনা রাজ্যেই নিজেকে হঠাৎ বহিরাগত মনে হতে শুরু করে তাঁর। সহপাঠীদের জীবনযাত্রার সঙ্গে তাঁর নিজের অভিজ্ঞতার ব্যাপক অমিল ছিল। এ প্রসঙ্গে নয়নতারা জানান, তাঁর সহপাঠীদের অনেকেই দুবাই বা আবুধাবি থেকে ফিরেছিল এবং তাদের জীবনযাপন তাঁর পরিবারের চেয়ে বেশ আলাদা ছিল।

কেরালাতে ফিরে আসার পর তীব্র আত্মবিশ্বাসহীনতায় ভুগেছিলেন নয়নতারা। এমনকি একসময় কেরালায় ফিরে আসাটাকেও তাঁর জীবনের বড় ‘ভুল’ বলে মনে হতো। দিল্লি ও গুজরাটের স্কুলের শিক্ষক ও বন্ধুদের আন্তরিকতা প্রতিনিয়ত মনে পড়ত তাঁর। পড়াশোনাতেও নিজেকে খুব একটা ভালো মনে হতো না। সব মিলিয়ে সেই সময়টিকে নিজের জীবনের অন্যতম একটি ‘নিচু পর্যায়’ হিসেবে উল্লেখ করেন তিনি। তবে আজ পেছনে ফিরে ১৫ বছর বয়সী সেই নিজেকে সান্ত্বনা দিয়ে নয়নতারা বলতে চান, “তুমি পারবে।”

কলেজে পড়ার সময় শখের বশে মডেলিংজগতে পা রেখেছিলেন নয়নতারা। একটি ফ্যাশন অনুষ্ঠানে মডেল হিসেবে কাজ করে তাঁর প্রথম আয় ছিল মাত্র ২ থেকে ৩ হাজার রুপি। তবে সেই কাজই তাঁর ভাগ্য বদলে দেয়; তাঁর ওপর নজর পড়ে পরিচালক সত্যন অন্তিক্কাডের। তাঁর হাত ধরেই ২০০৩ সালে ‘মনসিনাক্কারে’ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। শুরুতে সিনেমায় ক্যারিয়ার গড়ার কোনো পরিকল্পনাই ছিল না নয়নতারার, কেবল একটি ছবিতে কাজ করার উদ্দেশ্যেই তিনি রাজি হয়েছিলেন।

প্রথম ছবিটিই বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এরপর পরিচালক ফাজিলের ‘ভিস্ময়াথুম্বাথ্‌থু’ সিনেমায় বর্ষীয়ান অভিনেতা মোহনলালের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও প্রশংসা তাঁর চিন্তাভাবনা বদলে দেয় এবং তিনি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সেই একসময়ের ২ হাজার রুপির মডেলই আজ আত্মবিশ্বাসের জোরে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল নারী তারকা ও কোটি রুপির অভিনেত্রীতে পরিণত হয়েছেন।

শেয়ার করুন