আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, দেশের অভ্যন্তরে এবং উজানে ভারী বৃষ্টিপাতের ফলে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এই বিশেষ পূর্বাভাসে আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ সংশ্লিষ্ট উজান এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা বলা হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতিভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের উজান এলাকাতেও ভারী বৃষ্টি হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির কারণে নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সময়ের মধ্যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে সংস্থাটি।





