নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআন বিতরণ ও দোয়া

প্রকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর মেয়র ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বাদ মাগরিব জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রনি সারোয়ারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। এছাড়াও জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত এবং নোয়াখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল করিম পাবেলসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর হামিয়া সুন্না ইসলামিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানের নেতৃবৃন্দ মাদ্রাসার খতিব মাওলানা মোজ্জাম্মেল হোসেনের হাতে এই কোরআন শরীফ তুলে দেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

উল্লেখ্য, ১৯৮০ সালের ১৯ আগস্ট মানুষের দুর্যোগ ও সংকটের সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন।

শেয়ার করুন