সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তদন্তের কথা জানালেন ওসি

প্রকাশ:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট এলাকায় শোক দিবস উপলক্ষে একটি র‍্যালি করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর থানার রসুলপুর পয়েন্ট এলাকায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটিতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশেফ বখত রাদের তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে নেতাকর্মীরা ১৫ আগস্টের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশেফ বখত রাদ বলেন, ১৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এবং এরই অংশ হিসেবে এবারও এই কর্মসূচি পালন করা হয়েছে। তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের প্রতি তারা গভীর শ্রদ্ধা নিবেদন করছেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে চান।

ঘটনার বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, মিছিলের বিষয়টি তিনি শুনেছেন। তবে বর্তমান সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ওসি আরও জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন