লালমোহনে টমটমের চাপায় প্রাণ গেল স্কুলছাত্র জিসানের

প্রকাশ:

ভোলার লালমোহনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটমের চাপায় জিসান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত। মন্দিরের ক্লাস শেষে ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত টমটম তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। দুর্ঘটনা কবলিত টমটমটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে।

ওসি আরও জানান, শিশুটির পরিবারকে মৃত্যুসনদ সংগ্রহ করতে বলা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন