এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা আনছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ:

এসএসসি ও এইচএসসিসহ সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে একটি নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬' অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতোমধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এত বিপুলসংখ্যক আবেদন পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য একটি প্রক্রিয়া। এই জটিলতা নিরসনে নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রাখা হবে। এর ফলে পুনর্মূল্যায়নের আবেদন ও প্রক্রিয়া আরও সুনির্দিষ্টভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা সহজে বাংলাদেশের ভিসা পেতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শেয়ার করুন