মনপুরায় সরকারি বরাদ্দের ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

প্রকাশ:

ভোলার মনপুরায় জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের জন্য বরাদ্দকৃত সরকারি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবু মুছার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন এবং সদস্য হোসেন হাওলাদার এই অভিযোগ উত্থাপন করেছেন। তারা সরকারি বরাদ্দের পুরো অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানানোর পাশাপাশি বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের বিষয়ে ইউএনও মো. আবু মুছা তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। তিনি অভিযোগ করেন, ইউএনও নিজ উদ্যোগে সরকারি অর্থ উত্তোলন করেছেন এবং এই অর্থ কীভাবে ব্যয় হয়েছে তা কেবলমাত্র তিনিই বলতে পারবেন।

সংস্থার সদস্য হোসেন হাওলাদার জানান, নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণকারী ২৭ জন খেলোয়াড়ের ভোলা যাতায়াতের জন্য ইউএনও ২৬ হাজার টাকা প্রদান করেছেন। তবে বাকি টাকা কীভাবে খরচ হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ভোলা জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে প্রতিটি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া ভোলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের থাকা, খাওয়া ও যাতায়াতের জন্য জেলা ক্রীড়া সংস্থা থেকে অতিরিক্ত ২৬ হাজার টাকা দেওয়া হয়। সব মিলিয়ে মনপুরার জন্য মোট ১ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ ছিল। জেলা ক্রীড়া কার্যালয়ের উপপরিচালক সাইদুল ইসলামও সরকারিভাবে ১ লাখ টাকা বরাদ্দ এবং জেলা থেকে ২৬ হাজার টাকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও মো. আবু মুছা। তিনি দাবি করেন, জেলা থেকে প্রাপ্ত অর্থ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারণার কাজে ব্যয় করা হয়েছে। তবে সরকারিভাবে বরাদ্দ দেওয়া ১ লাখ টাকা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন