নারায়ণগঞ্জে বায়ুদূষণ নিয়ন্ত্রণে তিন কারখানাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৬ আগস্ট) পরিচালিত এই অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তার সাথে ছিলেন সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় এই দণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুতুবপুরের পিলকুনির আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা, মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং নন্দলালপুরের সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন