কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, আহত ১০

প্রকাশ:

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুফতি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ সেখানে বিক্ষোভ সমাবেশ করছিল। সংসদ সদস্যের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে হামলার শিকার হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং গাড়িতে থাকা এমপির চাচা আহত হন। হামলায় এমপির চাচার পা কেটে গেছে এবং এমপি আমির হামজা নিজেও মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া বিক্ষুব্ধরা সংসদ সদস্যের বাড়িতেও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ হামলার ঘটনার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গণঅধিকার পরিষদের ৩ জন এবং জামায়াত-শিবিরের ৭ জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা জানান, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি জানতে পারেন যে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। তিনি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবহিত করেন। তার গাড়ি পেছনে এবং ওসির গাড়ি সামনে থাকা অবস্থায় লাঠি ও হকিস্টিক নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এমপি আমির হামজা দাবি করেন, গণঅধিকার পরিষদের আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বে এই হামলা হয়েছে এবং তিনি এ বিষয়ে মামলা দায়ের করবেন।

অন্যদিকে, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ দাবি করেন, এমপি আমির হামজা তাদের সংগঠনকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন, যার প্রতিবাদে তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। বর্তমানে কুষ্টিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। তিনি আরও জানান, এমপির বাসভবন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন