টেকনাফে টমটম চালক অপহৃত, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশ:

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ কাউছার (৩৫) নামে এক টমটম চালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত মোহাম্মদ কাউছার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা এবং লেদা এলাকার মৃত নাদির হোছনের ছেলে। স্থানীয়দের তথ্যমতে, বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় বসবাস করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার প্রতিদিনের মতো কাউছার টমটম নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর রাত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় কাউছারের পরিবার চরম আতঙ্কিত হয়ে পড়েছে। তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে পরিবারের সদস্যরা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী এ বিষয়ে বলেন, অপহৃত ভিকটিমকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি অপহরণ রোধে অপহরণকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ঘটনার বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে। তিনি সত্যিই অপহরণের শিকার হয়েছেন কি না, নাকি অন্য কোনো কারণে তাকে আটকে রাখা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কাউছারের অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন