বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ২৩ কর্মকর্তার নতুন কর্মস্থলে পদায়ন

প্রকাশ:

বাংলাদেশ পুলিশে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা চারটি পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এই আদেশগুলো জারি করা হয়। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই রদবদলের অংশ হিসেবে রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ পেয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছের হোসেনকে রাজশাহীর সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবির পুলিশ সুপার পদে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে এবং মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসির সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পুলিশ পর্যায়েও বড় পরিবর্তন এসেছে। কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের এসপি, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার এসপি এবং পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার বর্তমান এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। এছাড়া গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিন, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি) ডিসি পদে চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। পাশাপাশি মেট্রোরেল পুলিশের (এমআরটি) পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে এবং হাইওয়ে পুলিশের এসপি মো. রেজাউল করিমকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ প্রশাসনে গতিশীলতা বাড়াতে এবং জনস্বার্থে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন