ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের ও শেখ পরশের ফোনালাপ উপস্থাপন

প্রকাশ:

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ একটি ফোনালাপ শোনানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ট্রাইব্যুনালে উপস্থাপিত ওই ফোনালাপে ওবায়দুল কাদেরকে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন?'

উত্তরে শেখ পরশ জানান যে তিনি সবসময় তাদের সঙ্গে আছেন। পরশ বলেন, 'না, আমি আছি তো। আমি বাইরে থাকলেও সার্বক্ষণিক প্রতিটা ঘণ্টায় আমি আপনাদের সঙ্গে আছি।' এরপর ওবায়দুল কাদের পরশের বাইরে থাকা নিয়ে প্রশ্ন তুললে পরশ জানান, তিনি ২৫ তারিখেই বাইরে গেছেন, তবে এরপর থেকে প্রত্যেকটা দিন তিনি তাদের সঙ্গেই যুক্ত ছিলেন।

ফোনালাপে ওবায়দুল কাদেরকে মিছিলে লোক সমাগম বাড়ানোর বিষয়ে নির্দেশনা দিতে দেখা যায়। তিনি বলেন, 'ফিজিক্যালি থাকাটা…..কালকের র‍্যালিতে ম্যাক্সিমাম যেন প্রেজেন্স থাকে।' জবাবে পরশ সম্মতি জানিয়ে বলেন, 'হ্যাঁ। আমরা এটা প্রস্তুতি নিচ্ছি। জি, অবশ্যই।' ওবায়দুল কাদের তখন বলেন, 'সে জন্য তোমাকে ফোন করি।' কথোপকথনের শেষে পরশ জানান যে তিনি সব জায়গায় ফোন দিচ্ছেন এবং চাচা সম্বোধন করে সালাম দিয়ে কথা শেষ করেন।

উল্লেখ্য, এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

শেয়ার করুন