সাভারের আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’ সফলভাবে সমাপ্ত হয়েছে। বই, পাঠ ও জ্ঞানচর্চার এই প্রাণবন্ত আয়োজনে প্রতিদিন ৭ হাজারেরও বেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।
ডিআইইউ লাইব্রেরি ও ডিআইইউ প্রেসের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। মেলার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ বাড়ানো এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা। মেলায় দেশের স্বনামধন্য ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া মেলার অফিসিয়াল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করে ইউজিসির বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)।
গত ৯ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, BdREN-এর প্রতিনিধিবৃন্দ এবং দেশের বিশিষ্ট লেখকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশকদের সঙ্গে প্রকাশনা নিয়ে মতবিনিময় করেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলায় বাংলা ও ইংরেজি ভাষার সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ এবং একাডেমিক ও গবেষণাধর্মী বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা ছিল। প্রতিদিন ৭ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও গবেষকের সমাগমে ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একটি জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গঠনে বই পড়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করে। ‘ডিআইইউ বইমেলা ২০২৬’-এ শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে ক্যাম্পাসে বই ও পাঠচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।





