বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে রাখার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এই দাবি তুলে ধরেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গত এক দশক ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাভিত্তিক কেন্দ্রীয় নিয়োগ ব্যবস্থা কার্যকর রয়েছে। এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদানের পাশাপাশি নিয়োগের সুপারিশ করে আসছিল, যা স্কুল ব্যবস্থাপনা কমিটির স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ অনেকাংশে বন্ধ করেছিল।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ৩ আগস্ট সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এনটিআরসিএ-এর বর্তমান পদ্ধতি বাতিল করে পুনরায় স্কুল ব্যবস্থাপনা কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে তা বাতিলের দাবি করেছে।
মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকারের মধ্যে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও জেলা পর্যায়ে প্রশাসক হিসেবে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এখন স্কুল পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা ব্যবস্থাপনা কমিটির হাতে তুলে দিয়ে অনিয়ম, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও স্বজনপ্রীতির পথ উন্মুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ইতিবাচক সংস্কারের প্রত্যাশা থাকলেও শিক্ষামন্ত্রী নিয়ম-নীতি পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। এর আগে গত ২১ জুলাই শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের ব্যবস্থা বাতিল করেছে। সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে। লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৪: ৫৮আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৫: ০৯





