বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বহাল রাখার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।
‘শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দেন, যার মধ্যে রয়েছে ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না’, ‘কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘চাকরি আমার অধিকার, নিয়োগ হবে স্বচ্ছতার’ এবং ‘কোটা গেছে যে পথে, কমিটি যাবে সেই পথে’ ইত্যাদি।
বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সানোয়ার হোসেন।
সমাবেশে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করা হয়, তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন বাধাগ্রস্ত হবে। অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল বলে তারা দাবি করেন।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মেধাবীদের দূরে রাখার চেষ্টা চলছে। যতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। শামসুর রহমান সুমন নামে আরেক শিক্ষার্থী বলেন, অতীতে নিয়োগের জন্য কমিটির পেছনে টাকা নিয়ে ঘুরতে হতো, আমরা সেই পরিস্থিতি আর ফিরতে দিতে চাই না। অবিলম্বে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বহাল রাখার দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় তারা কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।





