ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন দায়িত্বে বহাল থাকতে বলা হয়েছে।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/টুআইসি) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ৩০তম বিসিএসের কর্মকর্তা। এছাড়া প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ) পদে বদলি করা হয়েছে। তিনি ৩৫তম বিসিএসের কর্মকর্তা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি ৩৭তম বিসিএসের কর্মকর্তা। ৪১তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যান্য আদেশের মধ্যে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) পদে এবং পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) পদে পদায়ন করা হয়েছে। এদিকে, গত ৬ আগস্ট মো. তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) পদে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।





