মাদরাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষে নিহত ১

প্রকাশ:

ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌর এলাকার সদরদী গ্রামে ঘটা এই সংঘর্ষে সানোয়ার বেপারি নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হযরত ফাতেমাতুজ যহুরা (রাঃ) মহিলা মাদরাসার শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন জিহাদ মাতুব্বর, যিনি একই এলাকার বশার মাতুব্বরের ছেলে। সোমবার সকালে মাদরাসার মোহতামিম মুফতি মনির বেপারি এই ঘটনার প্রতিবাদ জানান। এর জের ধরে মাতুব্বর পক্ষের লোকজন মাদরাসা সংশ্লিষ্টদের হুমকি প্রদান করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর জানান, ঘটনার শুরুতে দুই পক্ষকে শান্ত করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও পরে পুনরায় সংঘর্ষ শুরু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। তাদের মধ্যে আতিয়ার বেপারির ছেলে সানোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন