এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির শীর্ষে ময়মনসিংহ, সর্বনিম্ন চট্টগ্রাম

প্রকাশ:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর অনুপস্থিত শিক্ষার্থীর পরিসংখ্যানে ভিন্ন চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। অন্যদিকে, চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিতির হার ছিল সবচেয়ে কম।

সোমবার সব বোর্ডের ফলের পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যেখানে ২০২৪ সালে এই হার ছিল ৬৮.৪৫ শতাংশ।

পরিসংখ্যানের তথ্যমতে, ময়মনসিংহ বোর্ডে মোট ৪৫৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ছিলেন মাত্র ৪৬৩ জন। অনুপস্থিতির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দিনাজপুর বোর্ডে ২৯৪২ জন এবং তৃতীয় অবস্থানে থাকা রাজশাহী বোর্ডে ২৯০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

পর্যায়ক্রমে বাকি বোর্ডগুলোর অনুপস্থিতির হার হলো যশোর বোর্ডে ২৮৬৭ জন, ঢাকা বোর্ডে ২৬০৪ জন, বরিশাল বোর্ডে ২৪৪৩ জন, কুমিল্লা বোর্ডে ১৩৯০ জন এবং সিলেট বোর্ডে ৬০৭ জন।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে শেষ হয়। এছাড়া মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষা সম্পন্ন হয় ২৪ মে।

শেয়ার করুন