ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের জন্য প্লে-গ্রাউন্ড উদ্বোধন

প্রকাশ:

ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য একটি খেলার জায়গা বা প্লে-গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, এই উদ্যোগটির নেপথ্যে ছিল একজন মায়ের সাধারণ একটি অনুরোধ। গত ২৫ জুন ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় এক নারী আবেদনকারী হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে শিশুদের জন্য একটি নিরাপদ খেলার জায়গা তৈরির অনুরোধ জানিয়েছিলেন। ওই নারী জানিয়েছিলেন, ভিসার আবেদন করতে আসা বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের নিরাপদে রাখতে পারেন, সেই লক্ষ্যেই এমন একটি জায়গার প্রয়োজন।

সেই অনুরোধ পাওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবে রূপ দিয়েছে ভারতীয় হাইকমিশন। উদ্বোধনের দিন ওই নারী তার সন্তানকে সঙ্গে নিয়ে আবারও ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং নবনির্মিত প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করেন।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছোট পরিসরের উদ্যোগ হলেও এর মাধ্যমে জনকেন্দ্রিক সেবার বৃহত্তর চেতনা প্রতিফলিত হয়েছে। মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নেওয়া এই ধরনের পদক্ষেপ ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও প্রাণবন্ত ও শক্তিশালী করতে ভূমিকা রাখে। হাইকমিশন আরও উল্লেখ করেছে যে, দুই দেশের জনগণই ভারত-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।

শেয়ার করুন