নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা একটি গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুরে কুতুবাইল এলাকার ‘প্যারাডাইস কেবলস লিমিটেড’-এর ওই গোডাউন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, দুপুর পৌনে ১টার দিকে গোডাউনের ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের বিষয়টি নজরে আসে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোডাউনের ভেতর থেকে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
এদিকে, লাশ উদ্ধারের সময় ওই গোডাউনে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে পারভেজ (২৫) ও পিয়াস (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটক পারভেজের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার চিনারকান্দী এলাকায় এবং পিয়াসের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার খরমা নতুনবাজার এলাকায়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তসহ পুরো ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।





