৫ আগস্টের পর দেশেই আত্মগোপনে ছিলাম, দাবি সাদ্দাম হোসেনের

প্রকাশ:

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেছেন, ওই ঘটনার পর দীর্ঘ দিন তিনি বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে সাদ্দাম হোসেনের এই অবস্থানের কথা উঠে আসে।

সাদ্দাম হোসেন জানান, ৫ আগস্টের পরবর্তী সময়ে কৌশলগত কারণে তাকে বারবার অবস্থান পরিবর্তন করতে হয়েছে। তবে সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি সংগঠন পরিচালনার চেষ্টা চালিয়ে গেছেন এবং দলের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ দমন-পীড়নের মুখে তাকে স্থান পরিবর্তন করতে হলেও তাদের দলের অনেক নেতাকর্মী এখনো বাংলাদেশের অভ্যন্তরেই অবস্থান করছেন।

সাদ্দাম হোসেনের ভাষ্যমতে, দেশে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, কমিটি পুনর্গঠন, চলমান আইনি মামলায় সহায়তা প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার কাজে তার দিনের বড় একটি অংশ ব্যয় হয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশে রয়ে যাওয়া এই নেতাকর্মীদের মাধ্যমেই তাদের মূল শক্তি টিকে আছে।

দেশে ফেরার বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, তিনি এবং তার পরিবার মানসিকভাবে দেশে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের ফেরার রোডম্যাপ তৈরি রয়েছে এবং এখন কেবল উপযুক্ত টাইমলাইনের অপেক্ষায় আছেন। দেশে ফেরার পর উদ্ভূত পরিস্থিতি এবং সম্ভাব্য পরিণতি সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন