জবিতে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে উপাচার্য

প্রকাশ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের তিন দিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। শুক্রবার (৭ আগস্ট) তিনি হাসপাতালে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানান।

হাসপাতালে আহত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসায় সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

উপাচার্যের সঙ্গে এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিল। সেই সময় বিভিন্ন দাবিতে প্লাকার্ড হাতে কিছু শিক্ষার্থী অডিটোরিয়ামে প্রবেশ করতে চাইলে মিলনায়তনের বাইরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মী, সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীরা আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন