বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচার পরবর্তী রোগীদের জন্য একটি ফলো-আপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দীঘিনালা জোন সদর দপ্তরে এই বিশেষ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন চক্ষু বিশেষজ্ঞ এবং একজন প্যারামেডিক উপস্থিত থেকে রোগীদের সেবা প্রদান করেন।
গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় যেসব রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছিল, তাদের মধ্য থেকে মোট ২৮ জন রোগীকে এই ফলো-আপ সেবার আওতায় আনা হয়। এর মধ্যে ১৩ জন পাহাড়ি এবং ১৫ জন বাঙালি রোগী ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের বর্তমান অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। এছাড়া, অস্ত্রোপচারের পর দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য করণীয় বিষয়গুলো সম্পর্কে রোগী ও তাদের স্বজনদের সচেতন করা হয়েছে।
পুরো চিকিৎসা কার্যক্রমটি দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেবা নিতে আসা রোগীরা অস্ত্রোপচারের পর আবারও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ও লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।





