পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে সাঁতার কেটে পার হতে গিয়ে এক অজ্ঞাত যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক নদীর অপর পাড় থেকে সাঁতরে এপারে আসার চেষ্টা করছিলেন। নদীর মাঝপথে পৌঁছানোর পর তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
ঘটনার খবর পেয়ে দশমিনা ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। উদ্ধার কার্যক্রম সম্পর্কে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস জানান, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে নদীতে অনুসন্ধান অব্যাহত রাখা হয়েছে।





