আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। তবে প্রথম শ্রেণি বাদে অন্য সব শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। সেই সম্মেলনে মন্ত্রী জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে, তবে তা খুব জটিল কোনো পরীক্ষা হবে না। সাধারণ একটি পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেছিলেন।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে প্রথমবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার বদলে লটারি পদ্ধতি প্রবর্তন করা হয়। পরবর্তীতে ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়গুলোতেও একই ব্যবস্থা চালু হয়। সেই সময়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়ার নিয়ম ছিল। কোভিড-১৯ মহামারির প্রভাবে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, যা এখন পর্যন্ত চলমান রয়েছে।





