খাগড়াছড়িতে পথ হারানো ১০ বছরের শিশু ফিরল মায়ের কোলে

প্রকাশ:

খাগড়াছড়ির দীঘিনালায় পথ হারিয়ে ফেলা ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে স্থানীয় থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং বিভিন্ন থানার সাথে সমন্বয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মাত্র এক রাতের মধ্যেই শিশুটিকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

ঘটনার সূত্রপাত বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে। উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জিয়ানগর শিবির এলাকায় একটি চায়ের দোকানের সামনে শিশুটিকে একা ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে স্থানীয় বাসিন্দা মো. সুজন শিশুটিকে নিরাপত্তার জন্য দীঘিনালা থানায় নিয়ে যান।

থানায় পৌঁছানোর পর শিশুটিকে নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়। তার দেওয়া সীমিত তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠায় এবং ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের কাজ শুরু করে। এক পর্যায়ে খাগড়াছড়ি সদর থানার সহায়তায় জানা যায়, শিশুটির নাম মো. আরমান হোসেন (১০) এবং তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গামারীডালা এলাকায়।

পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শিশুটির মা মোসা. আমেনা আক্তার দীঘিনালা থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে ছেলেকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ প্রসঙ্গে বলেন, একটি শিশুকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা পুলিশের জন্য বড় সাফল্য। তিনি আরও বলেন, পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এমন ঘটনায় দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে। এদিকে, পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন