ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নাম ব্যবহার করে চলমান প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। এই চক্রটি অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না এবং কোনো ধরনের অর্থ দাবি করেন না। সকল ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করা যাবে না। একইসঙ্গে নিজের ব্যক্তিগত ও আর্থিক তথ্যও কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা কোনো সন্দেহজনক যোগাযোগের মুখোমুখি হন, তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।





