বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে: মজিবুর রহমান মঞ্জু

প্রকাশ:

এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে পড়েছে এবং তারা জনরায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চিনতাম, আপসহীন বিএনপিকে চিনতাম, কিন্তু আজকের এই আপসকামী বিএনপিকে চিনতাম না। তিনি আরও বলেন, গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এই প্রতাপশালী রূপ আমরা দেখিনি। ফ্যাসিবাদের সময়ে যে হেলমেট বাহিনীকে দেখা যায়নি, তারা এখন প্রকাশ্যে এসেছে। তিনি দাবি করেন, যারা অন্যদের ‘গুপ্ত’ ট্যাগ দিতেন, তারাই আসলে সবচেয়ে বড় গুপ্ত ছিলেন।

গণভোটের বিষয়ে মঞ্জু বলেন, ১২ ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না? একই মায়ের পেটের যমজ দুই ভাইয়ের একজন বৈধ হলে আরেকজন অবৈধ হয় কীভাবে? তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও যে হরতাল, অবরোধ ও ঘেরাওয়ের মতো কর্মসূচি সংগঠিত হতে পারে, জুলাই গণ-অভ্যুত্থান সেটিই প্রমাণ করেছে।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ৫ই আগস্ট ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন এবং এটি মুক্তির দিন। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া এডিপির চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটোয়ারী ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

শেয়ার করুন