নাটোরে অ্যাম্বুলেন্স-ভ্যান-ভটভটির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

প্রকাশ:

নাটোরের লালপুর উপজেলায় অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত ভ্যান এবং শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোরে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়ারুল ইসলাম (৩০) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, ইয়ারুল ইসলামসহ কয়েকজন কৃষিশ্রমিক ব্যাটারিচালিত ভ্যানে করে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামে ধান লাগানোর কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদীগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স ভ্যানটিকে ধাক্কা দেয়। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়ারুল ইসলাম মারা যান।

এই দুর্ঘটনায় একই গ্রামের বাবু (৪০) ও সাজদার (৫০) নামে আরও দুইজন কৃষিশ্রমিক আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত বাবু হোসেন ও সাজদার রহমানকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন