আন্তর্জাতিক কেমিস্ট্রি কংগ্রেসে বক্তা হিসেবে আমন্ত্রিত বিএইউএসটির ড. কাজী এনামুল

প্রকাশ:

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল (আরপিসি)-এর পরিচালক এবং কলা ও বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক আন্তর্জাতিক অঙ্গনে এক বিশেষ স্বীকৃতি পেয়েছেন। তিনি কানাডাভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন আয়োজক প্রতিষ্ঠান পিয়ার্স অ্যালি মিডিয়ার উদ্যোগে আগামী ২০২৭ সালের ১৮ ও ১৯ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য ‘৮ম অ্যাডভান্সড কেমিস্ট্রি ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৭’-এ ‘বিশিষ্ট বক্তা’ হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. কাজী মোহাম্মদ এনামুল হক ‘সবুজ পদ্ধতিতে সংশ্লেষিত রৌপ্য ন্যানোকণা’র বৈশিষ্ট্য নিরূপণ এবং প্রাকৃতিক তন্তু দ্বারা শক্তিশালীকৃত ন্যানোকম্পোজিটে এর প্রয়োগ বিষয়ক একটি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা দিয়েছিলেন। তার সেই গবেষণাপত্রটি সম্মেলনের বিশিষ্ট বক্তার উপস্থাপনা বিভাগে উপস্থাপনের জন্য মনোনীত হয়েছে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন, যেখানে আধুনিক রসায়ন বিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি, জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য ও উদীয়মান গবেষণার নানা দিক নিয়ে আলোচনা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আমন্ত্রণকে বিএইউএসটির গবেষণা কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। তাদের মতে, এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান এবং বৈশ্বিক পরিমন্ডলে প্রতিষ্ঠানের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি এই অর্জনের জন্য ড. কাজী মোহাম্মদ এনামুল হককে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক সম্মেলনে তার সফল অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও গবেষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিএইউএসটির গবেষণার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহায়ক হবে।

উল্লেখ্য, বিএইউএসটির রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল নিয়মিতভাবে গবেষণা ও প্রকাশনা কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ড. কাজী মোহাম্মদ এনামুল হকের এই আমন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন