সম্পত্তি দানে আজীবন ভোগের অধিকার রেখে আইনের খসড়া অনুমোদন

প্রকাশ:

সম্পত্তি দান করার পরও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন। এমন বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বর্তমানে প্রচলিত আইনে সম্পত্তি দান করলে মালিকানা ও ভোগদখলের পূর্ণ অধিকার গ্রহীতার কাছে চলে যায়, তবে নতুন সংশোধনীতে দাতা তার জীবদ্দশায় ব্যবহারের সুযোগ পাবেন।

একই বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, ভুক্তভোগীর সন্ধান এবং তাদের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে এই সমন্বিত আইনগত কাঠামো তৈরি করা হয়েছে। আইনটিতে আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের বিধান রাখা হয়েছে। ভুক্তভোগীদের সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য তহবিল গঠনের পাশাপাশি দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে; তা সম্ভব না হলে রাষ্ট্র কর্তৃক ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে।

এছাড়া মন্ত্রিসভায় ‘অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ২০২৬’ এবং ‘ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। তবে ১৯৯৪ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন