বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে বোমা সদৃশ একটি বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) ভোর ৬টার দিকে আকস্মিকভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, তাদের কন্যা ইতি এবং নাতি ফাহিম। বিকট শব্দের এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে হঠাৎ বিস্ফোরণটি ঘটে। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপিয়ে পড়েন। ততক্ষণে তাদের পরনের কাপড় সম্পূর্ণ পুড়ে যায়। তবে বোমাটি কোথা থেকে এলো বা কীভাবে বালুর বস্তার ভেতর এলো, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।





