মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব ও মুয়াজ্জিনের

প্রকাশ:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় তারা প্রাণ হারান।

নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫) এবং একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামাদলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। জহির উদ্দিন ওই একই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জয়নাল আবেদিন ও জহির উদ্দিন জরুরি কোনো কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাছবাহী পিকআপটি তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ ও নিহতের স্বজনদের অবহিত করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন