নাটোরের লালপুরে হিন্দু পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি

প্রকাশ:

নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় একটি হিন্দু পরিবারকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি চিঠি রেখে যায়। এই ঘটনায় পুরো পালপাড়া এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

চিঠিতে প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পরিশোধ করার দাবি জানানো হয়েছে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া, চিঠিটি যে পরিবার পেয়েছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন এটি অন্যান্য হিন্দু পরিবারের কাছেও পৌঁছে দেওয়া হয়। চিঠিতে একটি বিকাশ নম্বরও উল্লেখ করা হয়েছে এবং বিষয়টি গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল রাতে বারান্দায় চিঠিটি প্রথম দেখতে পান। পরে তিনি পরিবারের সদস্য ও স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। ঘটনার খবর পেয়ে লালপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তদন্ত শুরু করেছে। পুলিশ চিঠিটি জব্দ করেছে এবং চিঠিতে থাকা বিকাশ নম্বরের সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন