কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফের দমদমিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার বেলা পৌনে দুইটার দিকে টেকনাফ স্থলবন্দরের উত্তরের ১৪ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা বাসে থাকা বিকাশের তিন সেলসম্যানকে মারধর ও গুলি করে নগদ ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
আহতরা হলেন মো. আরমান (২৪), সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়। বর্তমানে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী বিকাশ কর্মীরা জানিয়েছেন, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে টাকা তুলে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের এজেন্টদের কাছে নিয়ে যাচ্ছিলেন।
বাসের চালক, যাত্রী ও আহতদের ভাষ্যমতে, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের বাসটি ১৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাতদল রাস্তায় পেরেক লাগানো গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে। এরপর অস্ত্রের মুখে বাসটি থামিয়ে ভেতরে প্রবেশ করে বিকাশ কর্মীদের ওপর হামলা চালায়। টাকা লুটের পর ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পশ্চিমের পাহাড়ের দিকে পালিয়ে যায়।
আহত বিকাশ কর্মী মো. আরমান ঘটনার সময় বাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, 'ডাকাত দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত। এছাড়া আমরা নগদ টাকা বহন করছি এই তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল এবং গুলি শুরু হওয়ার পরও বাসটি কেন দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে থেমে ছিল, তা রহস্যজনক।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, 'বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টিম অবস্থান করছে। দ্রুত যৌথ অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'





