সুজানগরে পদ্মা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু

প্রকাশ:

পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মাজপাড়া ঈদগাহ সংলগ্ন পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে গোপিনপুর ঈদগাহ মাঠের পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব। অনুষ্ঠানে সুজানগর ও বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তাদ্বয়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নদীতীরবর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রতিবছর পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে স্থানীয়দের বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। জিও ব্যাগ ফেলার এই উদ্যোগ ভাঙনের তীব্রতা কমিয়ে মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, সুজানগর ও বেড়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্টের কারণ পদ্মা নদীর ভাঙন। প্রতিবছর ভাঙনের ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। সরকার এই সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে এবং ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, "জিও ব্যাগ ফেলার এই কার্যক্রম সাময়িকভাবে ভাঙনের ঝুঁকি কমাবে। পাশাপাশি স্থায়ী নদীশাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মানুষের জীবন, জীবিকা ও সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা করা হবে না। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।"

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে বসবাস করছিলেন। সরকারি উদ্যোগে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ভাঙনপ্রবণ এলাকায় পর্যায়ক্রমে জিও ব্যাগ ফেলে নদীতীর সংরক্ষণের কাজ বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন