নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দিনভর। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’ (শেরকোল), ‘অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন’ এবং ‘হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগার’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
দুপুর একটার দিকে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি উপজেলার প্রতিটি সড়ক ও খালি জায়গায় বৃক্ষরোপণে সুশীল সমাজ ও তরুণদের এমন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম অনুষ্ঠানে বলেন, গাছপালার সুস্থ বৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষার সঙ্গে প্রাণিসম্পদ ও প্রকৃতির সামঞ্জস্য গভীরভাবে জড়িত। এমন উদ্যোগ গ্রামীণ পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্যোক্তা সংগঠনগুলোর পক্ষ থেকে বুনোদল-এর নেতৃবৃন্দ এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা বালাল থেকে গোয়ালবাড়িয়া পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তায় রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদি বলেন, তরুণ সমাজ ও স্থানীয়দের একত্র করে পরিবেশবান্ধব কাজের এ প্রচেষ্টা তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে এবং শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন ও এলাকাবাসী জানান, রাস্তার দুপাশে রোপণ করা এসব গাছের চারা রক্ষণাবেক্ষণে সোয়াইড় ও বালাল গ্রামের স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং ভবিষ্যতেও এর খেয়াল রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডেইলি বাংলাদেশ প্রতিনিধি মেহেদী হাসান বাবু, সাংবাদিক খন্দকার মাহাবুব রহমান, বুনোদল-এর সদস্যসহ সোয়াইড় ও বালাল গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ সম্পন্ন হয়।





