টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, লুটপাটের সন্দেহ

প্রকাশ:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে জালেমন (৭৫) নামে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত জালেমন স্থানীয় শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য জালেমনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের মেঝেতে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক নিশ্চিত করেছেন যে, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা জালেমনকে চিনতে পারায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীরা তার গলার সোনার চেইন এবং ঘরে থাকা মাটির ব্যাংকে গচ্ছিত নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশের তদন্ত কার্যক্রম চলমান।

শেয়ার করুন