খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা ফারজানা (২২), তার বোন রুবিয়া এবং ফারজানার ২২ মাস বয়সী কন্যাশিশু। এ ঘটনায় মোটরসাইকেলের চালক শেখ শিহাব গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ শিহাব মোটরসাইকেলে করে তার স্ত্রী, শ্যালিকা এবং শিশুকন্যাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ওই দুই নারী নিহত হন।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





