আনোয়ারায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত, আহত ১৫

প্রকাশ:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন কর্ণফুলী টানেল মোড় এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে যানগুলো দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা পথচারী ও যাত্রীরা চাপা পড়ে হতাহত হন।

দুর্ঘটনায় নিহত দুই নারী হলেন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৪০) এবং ইফা শীল (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার শিকার এক অটোরিকশাচালক সিদ্দিক জানান, পশ্চিম দিক থেকে আসা দ্রুতগতির বাসটি প্রথমে একটি অটোরিকশাকে আঘাত করার পর পূর্ব দিকে গিয়ে আরও পাঁচটি অটোরিকশাকে ধাক্কা দেয়। তিনি লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশের দোকানে গিয়ে ওঠে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানিয়েছেন, তারা অন্তত ১০ জন আহতের তথ্য পেয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, নিহতদের মৃত ঘোষণার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন