আমির খানকে হত্যার হুমকি: তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ

প্রকাশ:

বলিউড অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তুলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই বার্তায় আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন।

তবে এই ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। মুম্বাই পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন যে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই হুমকির সত্যতা যাচাই করছেন। তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত আমির খান কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম জানিয়েছেন, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়েই এই ঘটনার তদন্ত চালাচ্ছে। আমির খান বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাই তিনি দেশে ফিরলে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তার নিরাপত্তা বাড়ানোর বিষয়টিও এখন পর্যালোচনার মধ্যে রয়েছে।

উল্লেখ্য যে, এর আগে একই গ্যাংয়ের নাম ব্যবহার করে বলিউড অভিনেতা সলমান খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবার আমির খানকে ঘিরে একই ধরনের অভিযোগ সামনে আসায় বলিউডের অন্দরমহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন